নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি বসতবাড়ির ছাদের পানির ট্যাংকে অবৈধভাবে মজুত করে রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এই ঘটনায় জড়িত ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বসির সারেং ওরফে বসু সারেং তাঁর বাড়ির ছাদের পানির ট্যাংকে গোপনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে পানির ট্যাংকের ভেতর তেলের অস্তিত্ব পাওয়া যায়। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে দাহ্য পদার্থ মজুত রাখার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযান শেষে ইউএনও আকিব ওসমান জানান, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত রাখার দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী বসু সারেংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ৭৫০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে স্থানীয় এক লাইসেন্সধারী ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি বা চড়া দামে বিক্রির উদ্দেশ্যেই এভাবে অভিনব কায়দায় তেল মজুত করা হয়েছিল। জননিরাপত্তা বিঘ্নিতকারী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।