৪ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) বলাৎকারের চেষ্টার অভিযোগে মোহাম্মদ মারুফ (২২) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মারুফ চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। তিনি সদর উপজেলার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক দীর্ঘ দিন ধরে মাদরাসার ছাত্রদের সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক করে আসছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মাদরাসার ছাত্ররা সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লে মারুফ ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে ডেকে তোলেন। একপর্যায়ে তাকে বলাৎকারের চেষ্টা করেন। সম্প্রতি ঈদুল ফিতরের ছুটিতে শিক্ষার্থী বাড়িতে গেলে পরিবারের কাছে বিষয়টি বিস্তারিত খুলে বলে।

ঘটনার প্রায় ৪০ দিন পর গত বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেন। ওই দিন বিকেলেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।"