নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক অভিযানে ১ হাজার ৩৩০ লিটার চোরাই ডিজেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা ও এমপির পোল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. রাসেল (২২) ও ফরাজি গ্রামের মো. জাফর (৩৫)।
পুলিশ জানায়, দেশের চলমান পরিস্থিতিতে তেলের অবৈধ মজুত ঠেকাতে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে দুপুর ১২টার দিকে পাঁচ বিঘা গ্রামের একটি স’মিলের পাশ থেকে চার ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীকালে পৌনে দুইটার দিকে এমপির পোল এলাকা থেকে আরও তিন ড্রাম (৫৭০ লিটার) ডিজেল জব্দ করে পুলিশ। এ সময় চোরাই ডিজেল সংরক্ষণের অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘জব্দকৃত ডিজেল ও আসামিদের বিষয়ে পৃথক দুটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’