২ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে মাদকসহ ৫ জন গ্রেপ্তার, ৪ জনের কারাদণ্ড

নোয়াখালীতে মাদকসহ ৫ জন গ্রেপ্তার, ৪ জনের কারাদণ্ড

নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার বিকেলে দত্তেরহাট আল হেরা বিদ্যানিকেতন স্কুলের প্রধান ফটকের সামনে এ অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাছির (২৬), মো. টিপু (২০), মো. রকি (২৪), মো. স্বাধীন (২২) ও মো. আরিয়ান (২৬)।

ডিএনসি সূত্র জানায়, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে তাঁদের কাছ থেকে ৬৫টি ইয়াবা বড়ি এবং ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার নাছিরের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

অন্যদিকে, গ্রেপ্তার হওয়া অপর চারজনের বিরুদ্ধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমী, মুকসুদুস সালেহীন এবং মো. জাহিদ হাসান অপু তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।