২ এপ্রিল, ২০২৬

গুরুদাসপুরে ইউএনও’র হস্তক্ষেপে দখলমুক্ত হলো সরকারি জমি

গুরুদাসপুরে ইউএনও’র হস্তক্ষেপে দখলমুক্ত হলো সরকারি জমি

নাটোরের গুরুদাসপুরে সড়কের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পার-গুরুদাসপুর ব্রিজ সংলগ্ন রাজ্জাক মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার শতক জায়গা দখলমুক্ত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এ সময় সড়কের দুই পাশে অবৈধভাবে দেওয়া সীমানা পিলার, বাঁশ ও খুঁটি উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কের জায়গা দখল করে রাখা দুই বাড়ির মালিককে অবৈধ স্থাপনা ও গাছপালা সরিয়ে নিতে সাত দিনের সময় বেঁধে দিয়েছে প্রশাসন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজ্জাক মোড় এলাকায় আব্দুর রহিম ও বুদু মিয়া নামের দুই ব্যক্তি সড়কের সরকারি সীমানা পিলার তুলে ফেলে নিজেদের বাড়ির সীমানা বাড়াচ্ছিলেন। এর ফলে তিন রাস্তার মোড়টি অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছিল। এতে ওই এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ও দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয় বাসিন্দা রাজ্জাক আলী ও জাহিদুল ইসলাম বলেন, ‘সরকারি জায়গা দখল হওয়ায় মোড়টি খুব সরু হয়ে গিয়েছিল। আজ উচ্ছেদ হওয়ায় মোড়টি প্রশস্ত হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি এলাকার সৌন্দর্যও বেড়েছে।’

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, জনস্বার্থে সড়কের মোড়টি প্রশস্ত করার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সরকারি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে স্থানীয় পুলিশ সদস্য, ভূমি অফিসের কর্মচারী ও এলাকার উৎসুক জনতা উপস্থিত ছিলেন।