২ এপ্রিল, ২০২৬

পাবার সাঁথিয়ায় বাবার খাবার নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

পাবার সাঁথিয়ায় বাবার খাবার নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

পাবনার সাঁথিয়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় শাহীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। নিহত শাহীন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রওশন আলীর দুই ছেলে বাবুল ও শাহীন পৃথকভাবে সংসার করতেন। তবে বাবা রওশন আলী বড় ছেলে বাবুলের সঙ্গেই থাকতেন এবং বাবুলই তাঁর ভরণপোষণ করতেন। গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বাবার খাবার খাওয়া নিয়ে বাবুলের সঙ্গে তাঁর বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই শাহীন সেখানে উপস্থিত হয়ে বড় ভাইয়ের আচরণের প্রতিবাদ করলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

তর্কের একপর্যায়ে বড় ভাই বাবুল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে শাহীনকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শাহীন মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

স্বজনরা শাহীনকে নিয়ে ঢাকার পথে রওনা হলেও টাকার প্রয়োজনে একবার বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই শাহীনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তিনি মারা যান।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই বাবুল পলাতক রয়েছেন।