২ এপ্রিল, ২০২৬

শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করাদের রাজনীতি করার অধিকার নেই’: বরকত উল্লাহ বুলু

শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করাদের রাজনীতি করার অধিকার নেই’: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদের রক্তকে অস্বীকার করে ৪৭-এর ধারায় ফিরে যেতে চায়, এ দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির সঙ্গে যারা বেঈমানি করে, তারা বাংলাদেশের রাজনীতির জন্য অযোগ্য।

আজ বৃহস্পতিবার বিকেলে মাইজদী হাউজিং বালুর মাঠে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বরকত উল্লাহ বুলু জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘নির্বাচনের সময় প্রান্তিক অঞ্চলের মা-বোনদের ভুল বুঝিয়ে যারা বেহেশতের টিকিট বিক্রি করেছেন, তারা সাধারণ মানুষের ঈমান নষ্ট করেছেন। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

৭১-এর প্রসঙ্গের অবতারণা করে তিনি আরও বলেন, ‘সেদিন মা-বোনদের ইজ্জত লুণ্ঠনের পর জামায়াতের তৎকালীন নেতারা যা বলেছিলেন, তা অত্যন্ত নিন্দনীয়। ইসলাম ধর্ম কখনো এমন কাজকে সমর্থন করে না।’

ধর্মীয় অপব্যাখ্যার বিষয়ে সংসদ সদস্য বুলু বলেন, ‘বেহেশতের টিকিট বিক্রি করার ক্ষমতা কারও নেই। খোদ আল্লাহর রাসুল (সা.) তাঁর প্রিয় কন্যা ফাতেমাকেও সরাসরি জান্নাতের গ্যারান্টি দেননি; বরং ইবাদত ও আমলের ওপর জোর দিয়েছিলেন। অথচ বাংলাদেশে ধর্মের নামে একদল লোক সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট নিয়েছে। তারা ইসলামকে বিদআতের পথে নিয়ে গেছে।’

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দি নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিরোজ আলম মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরওয়ার উদ্দিন এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর।

এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।