পাবনার সাঁথিয়ায় ঋণের কিস্তির চাপ সইতে না পেরে খয়বার আলী (৬০) নামের এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ইকরজানা গ্রামের পাশের একটি বিল থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খয়বার আলী ওই গ্রামের মৃত হারান উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খয়বার আলী বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন। একদিকে সংসারের নিত্যদিনের খরচ, অন্যদিকে ঋণের কিস্তি পরিশোধের জন্য এনজিওগুলোর অব্যাহত চাপ—এই দুইয়ের যাঁতাকলে পড়ে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন ইকরজানা গ্রামের পাশে কানাবিলের মধ্যে একটি পুকুরপাড়ে জামগাছে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন।
গৌরীগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মজিদ বলেন, ‘খয়বার আলী দিনমজুরির কাজ করে সংসার চালাতেন। তিনি অত্যন্ত অভাবী এবং ঋণগ্রস্ত ছিলেন। ঋণের বোঝা ও হতাশা থেকেই সম্ভবত তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’
সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব ও ঋণের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।