৩০ মার্চ, ২০২৬

সুবর্ণচরে পেঁপেগাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সুবর্ণচরে পেঁপেগাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পেঁপেগাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন মজুমদার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দোলন মজুমদার ওই গ্রামের দিনু মজুমদারের ছেলে। তিনি স্থানীয় ছমিরহাট বাজারের একটি স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে দোলনের নিজের বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে যায়। পরে তিনি কাকা রতন মজুমদারের কাছ থেকে একটি মোটর এনে বসতঘরের পাশে পেঁপেগাছে পানি দিতে যান। এ সময় মোটরের ছেঁড়া তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দোলনকে মৃত ঘোষণা করেন।

তরুণ এই যুবকের অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের কান্নায় ওই বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘ঘটনাটি আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’