৩০ মার্চ, ২০২৬

ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ বলায় আমির হামজার বিরুদ্ধে মামলা

ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ বলায় আমির হামজার বিরুদ্ধে মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে (টুকু) ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী নাজমুল ইসলাম। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার মামলাটি আমলে নিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জানান, সম্প্রতি একটি মাহফিলে মুফতি আমির হামজা প্রকাশ্যে ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেতা-কর্মীদের নজরে আসে। এতে নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় এই মানহানি মামলা করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আরজিতে ১০০ কোটি টাকার মানহানির দাবি করা হয়েছে। আজ বিকেলেই আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের দিনক্ষণ বা তদন্তের নির্দেশ দিতে পারেন।

এর আগে গত ২৭ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে খুতবা দেওয়ার সময় আমির হামজা জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সমালোচনার একপর্যায়ে মন্ত্রীর বিরুদ্ধে ওই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আলোচিত এই ইসলামি বক্তা।