বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ সমুদ্রগামী তেলবাহী জাহাজ ‘এমটি ওমেরা লিবার্টি’র প্রথম সমুদ্রযাত্রা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ)। বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের অর্থায়নে নির্মিত এই আফ্রাম্যাক্স ট্যাংকারটি দেশের সামুদ্রিক লজিস্টিক ও জ্বালানি পরিবহন সক্ষমতায় নতুন এক মাইলফলক যোগ করতে যাচ্ছে।
ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশের মালিকানাধীন এই জাহাজটির দৈর্ঘ্য ২৫০ মিটার। এটি একবারে সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার টন জ্বালানি তেল বহনে সক্ষম।
দক্ষিণ কোরিয়ায় নামকরণ অনুষ্ঠান
গত ২৫ মার্চ দক্ষিণ কোরিয়ার দেহান শিপবিল্ডিংয়ে জাহাজটির কমিশনিং ও নামকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, দেহান শিপবিল্ডিং-এর চেয়ারম্যান ডেভিড কিম এবং দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম। এছাড়া ব্র্যাক ব্যাংকের পক্ষে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড আবু সাদাত চৌধুরী এবং এমজেএল শিপিংয়ের সিইও ক্যাপ্টেন মিনহাজুর রেজা চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।
বেসরকারি ব্যাংকের বৃহত্তম ঋণ সুবিধা
এমজেএল বাংলাদেশ পিএলসিকে দুটি আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ—‘এমটি ওমেরা লিবার্টি’ এবং ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ ক্রয়ের জন্য ৯ কোটি ৫৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। দেশের কোনো স্থানীয় বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া এটিই এখন পর্যন্ত বৃহত্তম একক বৈদেশিক মুদ্রা (FCY) ঋণ। এই বিশাল অর্থায়ন প্রক্রিয়া সফল করতে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।
অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা
সংশ্লিষ্টরা বলছেন, এই বিশালাকার ট্যাংকারটি যুক্ত হওয়ার ফলে দেশের জ্বালানি আমদানিতে লজিস্টিক খরচ কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি বিদেশি ক্রেতাদের সেবা দেওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের পথও সুগম হবে। একই সঙ্গে বাংলাদেশি মেরিন কর্মকর্তাদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ তেলবাহী জাহাজের অর্থায়নে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এটি বড় পরিসরের আন্তর্জাতিক অর্থায়নে ব্র্যাক ব্যাংকের সক্ষমতারই প্রতিফলন। এই উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখবে।”