৩০ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গতকাল রোববার (২৯ মার্চ) পৃথক অভিযানে এসব জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল ইসলাম ও মো. আবুল হোসেন। র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত জাল নোটগুলোর মধ্যে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার নোট রয়েছে।

আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সলঙ্গার হাটিকুমরুল এলাকার ‘নিউ মায়ের আঁচল’ হোটেলের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫১ হাজার টাকার জাল নোট ও দুটি মোবাইল ফোনসহ ওই দুজনকে আটক করা হয়।

নিখুঁত জালের কারখানা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গার ধোপাকান্দি গ্রামে জনৈক হাকিম শেখের ভাড়া বাসায় দ্বিতীয় দফা অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই মূল অভিযুক্ত হাকিম শেখ পালিয়ে যান।

র‍্যাব অধিনায়ক আতিকুর রহমান বলেন, ‘উদ্ধার করা জাল নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের পক্ষে চেনা বেশ কঠিন। এই চক্রটি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ ও এর আশপাশের জেলাগুলোতে সুকৌশলে জাল নোটের কারবার চালিয়ে আসছিল।’

এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।