নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলার শেরকোল বাজারে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আলতাফ শেখ। তিনি মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের চলমান সংকটের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরকোল বাজারে অভিযান চালানো হয়। বিকেল তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আশা ট্রেডার্সের গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে ব্যবসায়ী আলতাফ শেখকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাত জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে জ্বালানি তেল নিয়ে কারসাজি বা কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না।