ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উত্তোলিত জাতীয় পতাকা পরদিন শুক্রবার সন্ধ্যায়ও নামানো হয়নি। সরকারি ছুটির দিনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ সময় জাতীয় পতাকা উড়তে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ চিত্র দেখা যায়। নিয়ম অনুযায়ী সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের আগে নামানোর বিধান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় তা মানা হয়নি।
উপস্থিতি দেখে তড়িঘড়ি পতাকা নামানো
সরেজমিনে দেখা যায়, বিকেল পৌনে ছয়টা পর্যন্ত বিদ্যালয়ের পতাকাদণ্ডে জাতীয় পতাকা উড়ছে। স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতির খবর পেয়ে বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী কাউছার মিয়া তড়িঘড়ি করে পতাকাটি নামিয়ে ফেলেন। স্থানীয়দের ধারণা, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উত্তোলিত পতাকাটি শুক্রবারও খোলার সময় পাননি সংশ্লিষ্টরা।
কর্তৃপক্ষের বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস বলেন, "বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে আমি বিস্তারিত জানাব।"
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা জানান, ছুটির দিনে কেন এমনটা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছ থেকে ঘটনার ব্যাখ্যা চেয়েছেন।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, "আমি বিষয়টি শুনেছি। শিক্ষা অফিসারকে বিদ্যালয়ে পাঠানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
জাতীয় পতাকা বিধিমালার এমন অবমাননায় স্থানীয় সচেতন মহলের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।