২৭ মার্চ, ২০২৬

জন্মনিবন্ধনে ভোগান্তি কমাতে ও দুর্নীতিমুক্ত সাঁথিয়া গড়তে এমপির হুশিয়ারি

জন্মনিবন্ধনে ভোগান্তি কমাতে ও দুর্নীতিমুক্ত সাঁথিয়া গড়তে এমপির হুশিয়ারি

পাবনার সাঁথিয়াকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবদের সঙ্গে বিশেষ আলোচনা সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মূলত ইউনিয়ন পর্যায়ের নাগরিক সেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জন্মনিবন্ধনে ভোগান্তি ও গ্রামীণ অবকাঠামো
সভায় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সচিবদের উদ্দেশে বলেন, ‘ইউনিয়নবাসীর জন্মনিবন্ধন নিয়ে জনভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে।’ এ ছাড়া গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রাস্তাঘাট নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

উপস্থিত ছিলেন যারা
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মকলেসুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান এবং পৌর জামায়াতের আমির আব্দুল গফুর। এ ছাড়া সাঁথিয়া প্রেসক্লাবের সহসভাপতি ফারুক হোসেনসহ উপজেলার ১০টি ইউনিয়নের সচিবরা সভায় অংশ নেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সচিবদের জবাবদিহি নিশ্চিত করতেই এই আলোচনার আয়োজন করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।