ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রতিক সংঘর্ষ ও তিনজনের প্রাণহানির ঘটনায় বিএনপিকে জড়িয়ে ‘মিথ্যা’ সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। আজ শুক্রবার দুপুরে নাসিরনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। তিনি দাবি করেন, গত ২৪ মার্চ গোয়ালনগর ইউনিয়নে গ্রাম্য বিরোধ ও মানবপাচার নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এর সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। কিছু গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে।
সংঘাতের নেপথ্যে ‘মানবপাচার’
বিএনপি নেতার দাবি, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় লোক পাচারের ঘটনায় একটি চক্রের বিরুদ্ধে মামলা হয় (মামলা নং-১১/২৪)। ওই চক্রের সদস্য আরমান মিয়া বর্তমানে জেলহাজতে রয়েছেন। এই পাচারকৃত অর্থের লেনদেন নিয়ে ১৭ মার্চ দল থেকে বহিষ্কৃত নেতা আবুল কাশেম ও যুবলীগ নেতা রহিম মিয়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সেই রেষ ধরেই ২৪ মার্চের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে বশির উদ্দিন তুহিন বলেন, ‘এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও এলাকাভিত্তিক বিরোধ। কিন্তু রাজনৈতিক রং চড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী, সাবেক সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি নেতারা এ সময় প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।