২৭ মার্চ, ২০২৬

সিংড়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য

সিংড়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য

নাটোরের সিংড়ায় কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে পানাউল্লাহ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে এই খনন কাজের শুভ উদ্বোধন করেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখনন করা হলে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন এবং উপজেলা বিএনপির সদস্যসচিব শারফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, ‘কৃষিবান্ধব এই প্রকল্পটি অত্র অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। খালটি খনন করা হলে চলনবিলের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।’

বিএডিসি সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত কাজ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে। খনন কাজ শেষ হলে এলাকার শত শত একর জমিতে সেচ সংকট দূর হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা।