আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উল্লাপাড়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার ভোরে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৮টায় সরকারি আকবর আলী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মার্চপাস্ট, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, বিএনসিসি, স্কাউটস এবং গালর্স গাইড দল মার্চপাস্ট ও ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।