২৫ মার্চ, ২০২৬

সাঁথিয়ায় চরমপন্থিদের পোস্টার অপসারণ করল পুলিশ

সাঁথিয়ায় চরমপন্থিদের পোস্টার অপসারণ করল পুলিশ

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের সাঁটানো পোস্টারগুলো অপসারণ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আতাইকুলা থানা-পুলিশের বিশেষ অভিযানে এসব পোস্টার সরিয়ে ফেলা হয়। পুলিশের এই দ্রুত পদক্ষেপের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে আতাইকুলা থানার বনগ্রাম বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকার দেয়ালে নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের নামে কিছু পোস্টার দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে রাতের আঁধারে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছিল।

বিষয়টি নজরে আসার পর গতকাল মঙ্গলবার রাতে আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) নাহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। তারা বাজারের বিভিন্ন পয়েন্ট থেকে পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন এবং পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বনগ্রাম বাজারের স্থানীয় এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, "হঠাৎ চরমপন্থিদের পোস্টার দেখে আমরা বেশ আতঙ্কে ছিলাম। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিবেশ এখন স্বাভাবিক মনে হচ্ছে।"

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) নাহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব পোস্টার লাগানো হয়েছিল। খবর পাওয়ার পরপরই সেগুলো অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, "এ ধরনের নাশকতামূলক বা উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত করতে তদন্ত চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"

 মুক্ত প্রভাতের সবশেষ খবর পেতে Google News অনুসরণ করুন