শ্বশুরবাড়িতে বেড়াতে আসা আলী আগর ভূঁইয়া খোকন (৫০) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে যখমের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। ঈদের দিন শনিবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহত আলী আজগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েঝে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। আহত আলী আজগর ভূঁইয়া লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। অভিযুক্ত শাহীন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের পদে আছেন।
স্থানীয় লোকজন ও ভুক্তভোগির শ^শুরবাড়ি সূত্রে জানাগেছে, ঈদের দিন নাটোর সদর উপজেলার হাজিগঞ্জ এলাকার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান আলী আজগর। শনিবার সন্ধ্যায় আজগর সেখানেই অবস্থান করছিলেন। সন্ধ্যার একটু পরে স্থানীয় যুবদল নেতা শাহীন তার লোকজন নিয়ে মুজিবুরের বাড়িতে অতর্কিত হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আলী আজগরকে কুপিয়ে যখম করা হয়।
আহত আজগর আলীর স্ত্রী বলেন, যুবদল নেতা শাহীনের সঙ্গে সজীব, সাদ্দামসহ অন্তত ১৫জন দেশীয় অস্ত্র নিয়ে তার স্বামীর ওপর হামলায় চালায়। বাড়ির নারীরা এগিয়ে এলে তাদেরও শারিরিকভাভে লাঞ্ছিত করা হয়। ঘটনাস্থলে পুলিশ আসার পর গুরুত্বর আহত অবস্থায় তার স্বামী আলী আজগরকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হয়। পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহীন বলেন, কারা আওয়ামী লীগ নেতা আলী আজগরের ওপর হামলা চালিয়েছেন তা তিনি জানেন না। মূলত ঘটনাটি তার রাজনৈতিক এলাকায় ঘটায় প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। মূলত তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত নন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত আওয়ামী লীগ নেতার ওপর হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা দায়ের করেননি। একারণে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা যাচ্ছে না।