২০ মার্চ, ২০২৬

জাতীয় দলে ফিরলেন বিশ্বনাথ-মিরাজুল, নেই নতুন মুখ

জাতীয় দলে ফিরলেন বিশ্বনাথ-মিরাজুল, নেই নতুন মুখ

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন দুটি ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচ হাভিয়ের কাবরেরার এই দলে নতুন কোনো মুখ না থাকলেও ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষসহ আরও তিন ফুটবলার।

চোটের কারণে দীর্ঘ দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। চোট কাটিয়ে তাঁর ফেরা রক্ষণভাগে বাড়তি শক্তি জোগাবে বলে আশা করা হচ্ছে। বিশ্বনাথ ছাড়াও দলে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।

কারা ফিরলেন, কার কী অবস্থা
অনূর্ধ্ব-২০ পর্যায়ে আলো ছড়ানো মিরাজুল ইসলামের জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে। এরপর কিছুদিন দলের বাইরে থাকলেও ফের জায়গা করে নিয়েছেন তিনি। অন্যদিকে আরমান ফয়সাল ও ফাহমিদুল ইসলাম সর্বশেষ গত বছর এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে খেলেছিলেন। কার্ডের নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে খেলতে পারেননি ফাহমিদুল।

সিঙ্গাপুর ও ভিয়েতনাম মিশন
এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে কাবরেরার শিষ্যরা। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের।

বাছাইপর্বের সমীকরণ
বাছাইপর্বে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গত নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা। বাকি চার ম্যাচের মধ্যে দুটি ড্র ও দুটি হারে বাংলাদেশের সংগ্রহ এখন ৫ পয়েন্ট।

বাংলাদেশ স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।