২০ মার্চ, ২০২৬

ঈদের প্রধান জামাত কাল সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে, কোথায় কখন জামাত

ঈদের প্রধান জামাত কাল সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে, কোথায় কখন জামাত

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে তা সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহ ময়দান ও এর আশপাশের সড়ক মিলিয়ে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ময়দানে নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের জায়গা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য রয়েছে বিশেষ পর্দার ব্যবস্থা। এ ছাড়া রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ প্রায় ৩৩০ জন অতি গুরুত্বপূর্ণ (ভিআইপি) ব্যক্তির জন্য রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ও বসার ব্যবস্থা।

বায়তুল মোকাররমে ৫ জামাত
বরাবরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় এসব জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় বড় একটি জামাতের আয়োজন করেছে উত্তর সিটি করপোরেশন। সেখানে ২৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, রাজধানীতে এবার মোট ১ হাজার ৭৭টি ঈদগাহ ও মসজিদে ১ হাজার ৭৭১টি জামাত অনুষ্ঠিত হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে বিশেষ ফোর্স।

শোলাকিয়া ও দিনাজপুরে বড় আয়োজন
ঢাকার বাইরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৯তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে তিনবার বন্দুকের ফাঁকা গুলি ছোড়া হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রুটে।

অন্যদিকে, আয়তনের দিক থেকে দেশের অন্যতম বড় জামাত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে। ২২ একরের এই বিশাল মাঠে সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের চিত্র
চট্টগ্রাম নগরে ঈদের প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে সকাল ৮টা ও পৌনে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ময়দান ও মসজিদে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।