পাবনার সাঁথিয়ায় গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার সিলন্দা গ্রামের ফজলাল সরদারের ছেলে হাসাল (২৪) ও হাসান সরদারের ছেলে খাইরুল ইসলাম (১৯)।
অভিযান ও সাজা
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাঁথিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে। পরে তাঁদের সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একজনকে ৩ মাস ও অন্যজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া উভয়কে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
পরিবারের সদস্যদের স্বস্তি
সাজাপ্রাপ্ত যুবকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তাঁরা। এমনকি নেশার কারণে হাসানের স্ত্রী ও সন্তান তাঁকে ছেড়ে চলে গেছেন বলেও জানা গেছে।
আটক যুবকদের এক স্বজন বলেন, ‘ওরা নিয়মিত মাদক সেবন করে আমাদের ওপর চড়াও হতো। নিষেধ করলে মারধর করতে আসত। আমরা অতিষ্ঠ হয়ে প্রশাসনকে বলেছি ওদের জেলে নিতে।’
প্রশাসনের বক্তব্য
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং পারিবারিক শান্তি রক্ষায় এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সাজা ঘোষণার পর সাজাপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।