১৭ মার্চ, ২০২৬

তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল: হাতিয়ার ইউএনও ওএসডি

তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল: হাতিয়ার ইউএনও ওএসডি

সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আলাউদ্দিনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

ভিডিও নিয়ে তোলপাড়
এর আগে গত সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে ইউএনও মো. আলাউদ্দিনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নিয়ে জেলাজুড়ে এবং সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। তাঁর ভাষ্যমতে, আগের কর্মস্থল সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়ানো হয়েছে।

কর্মস্থল ত্যাগ ও গুঞ্জন
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, তাঁরা ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি অবগত হয়েছেন। তবে ভিডিওতে থাকা ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুরো ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ কেউ একে পরিকল্পিত ‘হানিট্র্যাপ’ হিসেবেও দেখছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওএসডি করার পর হাতিয়া উপজেলায় নতুন ইউএনও পদায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।