ডেঙ্গু প্রতিরোধ ও মশার বংশবিস্তার রোধে পাবনার সাঁথিয়ায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভা আয়োজিত এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।
সকাল ১১টার দিকে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এই অভিযান পৌর সদরের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। বিশেষ করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জলাশয়সহ পৌর সদরের ঝোপঝাড় ও ড্রেনগুলোতে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন সংশ্লিষ্টরা।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে জনস্বাস্থ্য রক্ষায় মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবং ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে পৌর সচিবসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জলাশয়গুলোতে মশার উপদ্রব বেশি। প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এই কার্যক্রম নিয়মিত করার দাবি জানিয়েছেন।