১৪ মার্চ, ২০২৬

সাতক্ষীরায় ডিসির পরিচ্ছন্নতা অভিযান যেন শুধুই ‘ফটোসেশন’, হাসপাতাল ঘিরে ডেঙ্গু আতঙ্ক

সাতক্ষীরায় ডিসির পরিচ্ছন্নতা অভিযান যেন শুধুই ‘ফটোসেশন’, হাসপাতাল ঘিরে ডেঙ্গু আতঙ্ক

সাতক্ষীরা সদর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জেলা প্রশাসকের উপস্থিতিতে ঘটা করে অভিযান শুরু হলেও, তিনি চলে যাওয়ার পরপরই কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘস্থায়ী পদক্ষেপের অভাব এবং লোকদেখানো কর্মসূচির কারণে হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়ছে।

কর্মসূচির বিস্তারিত
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টা ১৫ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণ ও ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

অভিযোগের চিত্র
সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টার দিকে জেলা প্রশাসকসহ অতিথিরা হাসপাতাল ত্যাগ করার পরপরই পরিচ্ছন্নতা কার্যক্রম কার্যত থমকে যায়। স্থানীয়দের অভিযোগ, অভিযানে অংশ নেওয়া অনেকের মনোযোগ ছিল মূলত ছবি তোলার দিকে। হাসপাতালের ড্রেনগুলোতে জমে থাকা পচা পানি ও ময়লা অপসারণে কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের চারপাশের ড্রেনগুলো অপরিষ্কার থাকায় মশার উপদ্রব চরমে পৌঁছেছে। নামমাত্র পরিচ্ছন্নতা অভিযানে মশা কমবে না, বরং এতে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

আতঙ্কে এলাকাবাসী
হাসপাতাল প্রাঙ্গণে জমে থাকা নোংরা পানি ও আবর্জনা এখন মশার চারণভূমিতে পরিণত হয়েছে। ডেঙ্গু প্রকোপের এই সময়ে এমন দায়সারা কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের দাবি, একদিনের লোকদেখানো কর্মসূচি না করে নিয়মিতভাবে হাসপাতাল এলাকা পরিষ্কার রাখার ব্যবস্থা করা হোক।

জেলা প্রশাসকের বক্তব্য
এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে চলমান থাকবে।"

তবে স্থানীয়দের দাবি, কেবল ঘোষণা বা ফটোসেশনে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে কাজের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।