৭ মার্চ, ২০২৬

সিংড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: মামলা দায়ের, গ্রেপ্তার ১০

সিংড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: মামলা দায়ের, গ্রেপ্তার ১০

নাটোরের সিংড়ায় দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেজাম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, মো. বিপ্লব হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. রিমন হোসেন ও মো. আমজাদ হোসেন।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামের এক কিশোর সরিষা মাড়াইয়ের গাড়ি উল্টে দুর্ঘটনায় নিহত হয়। আইনি জটিলতা এড়াতে পরিবারের সদস্যরা বিষয়টি গোপন করে মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ উদ্ধার করতে নিহতের বাড়িতে যায়।

সে সময় স্থানীয় এলাকাবাসী পুলিশকে বাধা দেয় এবং এক পর্যায়ে অতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং এসআই মো. নেজাম উদ্দিন, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের বক্তব্য:
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে ১০ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"