উল্লাপাড়ার বিশিষ্ট সাংবাদিক খন্দকার গোলাম আজাদ মজনু (৬৫) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার সলপ গ্রামের বাসিন্দা গোলাম আজাদ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য ছিলেন। এছাড়াও তিনি উল্লাপাড়া প্রেসক্লাবের সাবেক সদস্য এবং উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে তিনি এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে উল্লাপাড়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।