বগুড়ার ধুনট শহরের সরকারি খাদ্যগুদাম এলাকায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরের খাদ্যগুদাম এলাকায় আবুল কালাম আজাদ নামে এক শিক্ষকের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান।
দুপুর ১টার দিকে কর্মস্থল থেকে ফিরে তিনি দেখেন ঘরের দরজা খোলা এবং বাসার ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে খোঁজ নিয়ে দেখা যায়, একটি বাক্সের ভেতর থেকে আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়ে গেছে।
স্থানীয়রা জানান, এক ব্যক্তি নিজেকে শিক্ষা কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে বাসার প্রধান গেট দিয়ে ঢুকে তিন তলায় ওঠে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই চুরির ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।