৬ মার্চ, ২০২৬

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত এক ফায়ার ফাইটার অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত মন্ডল (২৩) নামের ওই অগ্নিনির্বাপক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়।

মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন।

নিহত প্রান্ত মন্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন এলাকার পুনিল চন্দ মন্ডলের ছেলে। তিনি নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে অগ্নিনির্বাপক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মীরা জানান, কয়েকদিন ধরে প্রান্তের বাবা অসুস্থ থাকায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি পাঁচ দিনের সিএল ছুটি নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রান্তকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলে জানা গেছে।

সহকর্মীরা আরও জানান, বাড়ি যাওয়ার পথে প্রান্ত তার ফেসবুক স্টোরিতে মোটরসাইকেলের একটি ছবি দিয়ে লিখেছিলেন, “এবার গন্তব্য আমার পরিবার।” কিন্তু সেই পরিবারে আর ফেরা হয়নি তার।

নিহত প্রান্তের পরিবারে স্ত্রী, এক বছরের শিশু সন্তান মুগ্ধ, বাবা-মা ও এক বড় বোন রয়েছেন। তিনি পরিবারের একমাত্র ছেলে ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।