জমি বেচা কেনার সময় যেন দলিল দাতা ও গ্রহীতাদের নিকট থেকে সরকারি ধার্যকৃত ফি এর অতিরিক্ত কোন অর্থ যেন আদায় না করা হয় সে ব্যাপারে উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের সর্তক থাকতে বলেছেন উল্লাপাড়ার নব নির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি সোমবার দুপুরে উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ, সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংসদ রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় এখানে সমিতি ও সিন্ডিকেট করে জমির দলিল রেজিস্ট্রির সময় ক্রেতা বিক্রেতাদের নিকট থেকে অনেক অবৈধ অর্থ আদায় করা হয়েছে। নতুন করে এই ঘটনার আর কোন পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে এবং দায়িত্বশীল হতে পরামর্শ দেন তিনি। সরকারি সেবা নিতে আসা কোন মানুষ যেন কোনভাবেই হয়রানির শিকার না হন সে বিষয়টি দেখার জন্য তিনি সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান।
দলিল লেখকদের সঙ্গে কথা বলার সময় তিনি তাদের দাবির প্রেক্ষিতে দলিল লেখকদের বসার পুরানো ঘরটি সংস্কার করা এবং এই সাব রেজিস্ট্রি অফিসে আগত নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করার ঘোষণা দেন সংসদ সদস্য। এর আগে সংসদ সদস্য রফিকুল ইসলাম খান সাব রেজিস্ট্রি অফিস চত্বরে পৌঁছালে সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ তাকে ফুল দিয়ে বরণ করেন।