সংযুক্ত আরব আমিরাতে ইরানের পাল্টা সামরিক অভিযানের পর এখন পর্যন্ত একজন বাংলাদেশিসহ মোট তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে তারা এই পাল্টা অভিযান শুরু করে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় আকাশসীমায় মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে ১৫২টি সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।
এ ছাড়া ইরানের ছোড়া মোট ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়, যার মধ্যে ৫০৬টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা সম্ভব হয়েছে।
নিহত তিনজনের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি