রাজশাহী নগরীর বাজে কাজলা মহল্লায় অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণের দায়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আরডিএ কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ প্রদান করলেও বিবাদী আইনকে তোয়াক্কা না করে কাজ অব্যাহত রেখেছেন বলে দাবি করেছেন অভিযোগকারী।
আরডিএ সূত্রে জানা গেছে, নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত কহির উদ্দিনের ছেলে মোঃ পারভেজ আলীর বিরুদ্ধে কাজলা মৌজার আরএস ২২৯০ ও ২২৯২ দাগে নকশা বহির্ভূতভাবে দুইতলা ভবন নির্মাণের অভিযোগ ওঠে। আরডিএর পরিদর্শনে দেখা যায়, ভবনটি নির্মাণের ক্ষেত্রে কোনো অনুমোদিত নকশা প্রদর্শন করা হয়নি এবং প্রচলিত ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করা হয়েছে।
আরডিএর অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত এক নোটিশে বিবাদীকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩(খ) ধারা মোতাবেক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়:
সন্তোষজনক জবাব না পেলে অবৈধ অংশ ভেঙে ফেলা হবে।
আগামী ১৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারীর দাবি ও পুলিশের ভূমিকা
মামলার অভিযোগকারী মোঃ পারভেজ আলী জানান, আরডিএ থেকে কাজ বন্ধের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিবাদী নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, "বিবাদী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইমারত নির্মাণ করছেন। বিষয়টি মতিহার থানা পুলিশকে বারবার জানানো হলেও তারা এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।"
উল্লেখ্য, আরডিএ কর্তৃপক্ষ কাজ বন্ধ নিশ্চিত করতে মতিহার থানার অফিসার ইনচার্জকে (ওসি) অনুরোধ জানিয়ে পত্র দিলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন না ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।