২৪ ফেব্রুয়ারি, ২০২৬

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয় জনতার মাঝে কাঁদলেন এমপি নিলেন ওয়াদা রক্ষার শপথ

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয় জনতার মাঝে কাঁদলেন এমপি নিলেন ওয়াদা রক্ষার শপথ

লক্ষাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত করায় জনতার মাঝে বক্তৃতাকালে আবেগ প্রবন হয়ে কান্না ভেঙ্গে পড়েন সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। জীবনের শেষ নির্বাচনে ব্যালটে দেওয়া সাধারণ মানুষের ভালবাসায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনী সকল ওয়াদা নিজের জীবনের বিনিময়ে হলেও তিনি রক্ষা করার শপথ নিয়েছেন।

গোলাম মোহাম্মদ সিরাজ এবার ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরআগে বগুড়া- ৫ আসনে ৪ বার বিএনপির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৯ সালে বগুড়া- ৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করেন। এছাড়াও বগুড়া জেলা বিএনপির আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর বর্ষিয়ান রাজনীতিবীদ এবারের নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন ঘোষণা করেছিলেন।

সোমবার দলীয় নেতাকর্মী জনসাধারণের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন গোলাম মোহাম্মদ সিরাজ এমপি।

এসময় গোলাম মোহাম্মদ সিরাজ বলেন ‘আমি নিজে কখনো দুর্নীতি করিনি, করবো না। কাউকে দুর্নীতি করতে দিবোনা। আমাদের মধ্যে কেউ, অথবা প্রশাসনের মধ্যে কেউ দুর্নীতি করলে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। দুর্নীতি মুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স বাস্তবায়ন করবো’। ‘আগামী ৫ বছরে আমাদের আর কাঁচা সড়ক থাকবে না, সকল ব্রীজ-কালভার্ট নির্মাণকাজ সম্পন্ন করবো’।

তিনি বলেন ‘আপনারা আমার জীবনের শেষ নির্বাচনে আমাকে লাখো ভোটের ব্যবধানে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আপনাদের এই ভালবাসার ঋণ, আপনাদের দেওয়া প্রতিটি ওয়াদা, আমার জীবন দিয়ে রক্ষা করবো।

উক্ত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় আরো বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তৌহিদুল আলম মামুন, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।