২৩ ফেব্রুয়ারি, ২০২৬

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

সদর নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত মাদক কারবারির নাম ইসমাইল হোসেন (৪০)। তিনি কালাদরাপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।

অভিযানের বিবরণ ও উদ্ধারকৃত আলামত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌনে ৮টার দিকে পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ে দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান চালানো হয়। সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা এক জোড়া প্লাস্টিকের জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা ছাড়াও তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি অপ্পো স্মার্টফোন ও একটি নকিয়া বাটন ফোন জব্দ করা হয়েছে।

আইনি ব্যবস্থা
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান:

"আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা থেকে মাদক নির্মূলে আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"