প্যারোলে ৩ ঘন্টার জন্য জেল থেকে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলতাফ হোসেন।
তিনি উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
বুধবার বিকেলে পুলিশি পাহারায় নিজ গ্রামে আসেন আলতাফ। ২০০১ সালে উল্লাপাড়ার বহুল আলোচিত পূর্ণিমা ধর্ষণ মামলায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদলত আলতাফকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এই মামলায় ২০১১ সালে আলতাফ হোসেনসহ মোট ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।
আলতাফ হোসেনের ভাতিজা মাহফুজ হোসেন জানান, আলতাফ হোসেনের মায়ের মৃত্যুর পর তারা সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তার প্যারোলে মুক্তির আবেদন জানালে বিজ্ঞ আদালত তাকে ৩ ঘন্টার জন্য মুক্তি দেন। তিনি আরও জানান, মায়ের জানাজায় অংশ নিয়ে আলতাফ হোসেন অভিযোগ করেন, তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি বিনা অপরাধে প্রায় ১৮ বছর ধরে কারা ভোগ করছেন। আলতাফ হোসেন তার অভিযোগে বর্তমান সরকারের কাছে পূর্ণিমা ধর্ষণ মামলাটি পূণরায় তদন্তের জন্য আবেদন জানান।
প্রসঙ্গতঃ ২০০১ সালের ৮ অক্টোবর উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের অনিল চন্দ্র শীলের মেয়ে সে সময়ের স্কুল ছাত্রী পূর্ণিমা রানী শীল গণ ধর্ষণের শিকার হন বলে তারা বাবা মোট ১৬ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। বাকিরা বেকসুর খালাস পান।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আজম জানান, পূর্ণিমা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলতাব হোসেন প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নেন।