১৬ ফেব্রুয়ারি, ২০২৬

উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

রোববার দুপুরে উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীমের বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়। এসময় মহিলাসহ ৮জন আহত হন।

বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছেন বলেন উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছেন জামায়াত নেতা আব্দুল আলীম। অপরদিকে বিএনপি’র পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে এটি সাজানো নাটক বলা হয়েছে।

উধুনিয়ান ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম অভিযোগ করেছেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব নিক্সন কুমার আমিনের নেতৃত্বে প্রায় ২৫/৩০ জন বিএনপি কর্মী ও সমর্থক তার বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়।

এ সময় তার ছেলে মোজাহিদ ও স্বজন মারুফা খাতুন, রোজিনা পারভীন, মেরিনা খাতুনসহ অন্ততঃ ৮ জন আহত হন। হামলার সময় তার ঘরের জানালা, দরজা ও বেড়া ভাংচুর করা হয়। আহতদেরকে তিনি উল্লাপাড়া বেঙ্গল হাসপাতালে ভর্তি করেছেন। তিনি অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন জানান, দু’দিন আগে জামায়াত নেতাকর্মীদের হামলায় উল্লাপাড়ার বিভিন্ন স্থানে আহত নেতাকর্মীদের দেখতে ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে ঘুরছিলেন।

দুপুরের দিকে গজাইল বাজারে দু’দিন আগে জামায়াত নেতাকর্মীদের হামলায় যুবদল নেতা আব্দুল লতিফের ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান দেখে ফেরার সময় জামায়াত নেতা আব্দুল আলীমের বাড়ির পাশের রাস্তা অতিক্রমের সময় জামায়াত নেতার লোকজন তাদের উপর ইট পাটখেল নিক্ষেপ করা হয়।

এতে তাদের কয়েকজন কর্মী আহত হয় এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়। নিক্সন আমিন আরো জানান, তাদের উপরে আনীত অভিযোগ সত্য নয়। জামায়াত নেতা বিএনপি নেতাকর্মীদের ফাসানোর জন্য নিজেরাই তাদের ঘরবাড়ি ভাংচুর করে একটি নাটক সাজিয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার সঙ্গে যোগাযোগ করলে উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, ঘটনার পর খবর পেয়ে তিনি তার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আব্দুল আলীমের বাড়ির দরজা, জানালা, বেড়া ভাংচুর হয়েছে বলে তিনি দেখেছেন। প্রাথমিকভাবে জামায়াত নেতা আব্দুল আলীম থানায় একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপকর  জানান, তারা নিজেরা ঘটনাস্থলে গিয়ে যথাযথ তদন্তের পর দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।