১৫ ফেব্রুয়ারি, ২০২৬

মুখোশধারীদের হামলায় বন্ধ একমাত্র সিএনজি পাম্প

মুখোশধারীদের হামলায় বন্ধ একমাত্র সিএনজি পাম্প

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত এ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশন-এ জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল দেশীয় অস্ত্রসহ পাম্পে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এতে গ্যাস সরবরাহের সব যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে স্টেশনটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্টেশন সংশ্লিষ্টরা জানান, কিছুদিন ধরে একটি চক্রের পক্ষ থেকে চাঁদা দাবি করা হচ্ছিল। দাবিকৃত অর্থ পরিশোধ না করায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তাদের সন্দেহ। যদিও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য ধরা পড়লেও দুর্বৃত্তরা মুখ ঢেকে থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

জেলা শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় গ্যাসচালিত যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে চালক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সিএনজি চালক মো. শরীফ বলেন, গ্যাস না পাওয়ায় তারা আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছেন। মহাসড়কেও সিএনজির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেননি। পাম্প কর্তৃপক্ষ জানায়, প্রশাসন সম্ভাব্য জড়িতদের নাম জানতে চাইলেও নিশ্চিত তথ্যের অভাবে এখনো মামলা দায়ের করা সম্ভব হয়নি।