বগুড়া জেলার সাতটি নির্বাচনী আসনেই জয়ের সুবাস পাচ্ছেন বিএনপির প্রার্থীরা। সর্বশেষ পাওয়া আংশিক ফলাফল অনুযায়ী, সবকটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বিশেষ করে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
বগুড়া-৬ (সদর) আসনের চিত্র
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট কেন্দ্র ১৫০টি। এর মধ্যে ২৭টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ৩৮ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
অন্যান্য আসনের সর্বশেষ পরিস্থিতি:
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা): ১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম ২৩ হাজার ৭০৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৯ হাজার ৪২৪ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ): ৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মীর শাহে আলম ৫ হাজার ২৯০ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি): ৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আবদুল মহিত তালুকদার ৮ হাজার ৩৫২ ভোট পেয়ে এগিয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ৭ হাজার ৮০০ ভোট।
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম): ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মোশারফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ১৮১ ভোট। তার পেছনে রয়েছেন জামায়াতের মোস্তফা ফয়সাল (২৩,৫৫৯ ভোট)।
বগুড়া-৫ (শেরপুর ও ধুনট): ৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ ৬ হাজার ৪৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন। জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮৯৯ ভোট।
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর): এই আসনে ৫৯টি কেন্দ্রের বড় পরিসরের ফলাফলে বিএনপির মোরশেদ মিল্টন ৮৭ হাজার ৫৬৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে। জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফলাফল আসার গতি এখনো অব্যাহত রয়েছে। তবে প্রাথমিক এই প্রবণতা বজায় থাকলে বগুড়ার সাতটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বড় ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।