১৯৯১ এর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের চাইতেও এবার অধিক সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই আমরা। এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে এক অন্যন্য দৃষ্টান্ত।
কাজেই আমাদের সবাইকে নিরপেক্ষভাবে আমাদের উপরে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ প্রধান অতিথি হিসাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকতা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এই মত বিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, মসজিদের মাইক যেন শুধু মসজিদের কাজেই ব্যবহৃত হয়। এই মাইক থেকে যেন কোন প্রকার গুজব ছড়ানো না হয় সে দিকে কঠোরভাবে নজর রাখতে হবে।
একই সঙ্গে এলাকায় অপরিচিত ব্যক্তিদের আগমন ঘটে কিনা সে বিষয়টিও দেখতে হবে। তিনি আরও বলেন, আমাদের সবাইকে আমাদের উপরে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে পালন করতে হবে।
তাহলেই আমরা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারব। গণমাধ্যম কর্মীদের উদেশ্যে তিনি বলেন, যেকোন ঘটনা যথাযথভাবে যাচাই করে সঠিক তথ্য উপাত্ত আপনারা প্রচার বা প্রকাশ করবেন।
প্রয়োজনে নির্বাচন উপলক্ষে দায়িত্ব প্রাপ্ত মিডিয়া সেলের কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নেবেন। কোন ভাবেই যেন ভুল তথ্য প্রকাশ বা প্রচার না হয়, সে দিকটি গুরুত্বের সঙ্গে দেখবেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ, সেনাবাহিনীর উল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর তবিবুর রহমান প্রমুখ।