শিক্ষা-সংস্কৃতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ১৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা)। গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে তিনি ইশতেহার ঘোষণা করেন।
জামায়াতের এই এমপি প্রার্থীর স্বাক্ষরীত ইশতেহার ঘেঁটে দেখা গেছে, চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা নিয়ে নাটোর-৪ আসন। শিক্ষা-সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি কৃষি নির্ভর এই আসনটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কৃষি এবং কৃষক বান্ধব উন্নয়ন পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ইশতেহারে বলা হয়েছে- আধুনিক সেচ ব্যবস্থা, সার-বীজের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন এবং সহজলভ্য বাজারজাতকরণ প্রক্রিয়া চালু করা হবে। বিশেষ করে চাঁদাবাজি প্রক্রিয়া চিরচরে দূর করে কৃষিতে সমৃদ্ধি ফেরানো হবে। কৃষিপণ্য ও মাছ সংরক্ষণে হিমাগার নির্মাণ, মৎস্য প্রক্রিয়াজাতকরণ সেন্টার এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন করার আশ্বাস দেওয়া হয়েছে ভোটারদের। এছাড়া সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও নৈতিক মানবসম্পদ গঠন, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা, ৭. যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, যুব সমাজ ও কর্মসংস্থান, নারীর মর্যাদা ও পারিবারিক নিরাপত্তা, ধর্মীয় ও নৈতিক সমাজ গঠন, পরিকল্পিত নগরায়ন ও আবাসন, ক্রীড়া ও সংস্কৃতি, বিনোদন ও পর্যটন, জ্বালানি ও বিদ্যুৎ, ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, নাটোর-৪ উন্নয়ন ফোরাম গঠনের আশ্বাস দেওয়া হয়েছে।
এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির আব্দুল আজিজসহ ( ধানের শীষ) জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টির মোট ৫জন প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তবে লড়াই হচ্ছে ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লার।
সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, গুরুদাসপুরে মোট ৬৮টি বড়াইগ্রামের ৯৯টি কেন্দ্রে ৪ লাখ ৪৩ হাজার ৬০০ ভোটার ১৬৭টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এর মধ্যে গুরুদাসপুরের ১ লাখ ৯০ হাজার ২২৮ জন এবং বড়াইগ্রামের ২ লাখ ৫৩ হাজার ৩৭২ জন ভোটার ১২ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রিটার্নি কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফ নামায় দেখা গেছে, জামায়াতের এই প্রার্থী পেশায় অধ্যাপক। তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (সম্মান) ও স্নাতোকোত্তর ডিগ্রীসহ কামিল পাসের কথা বলা হয়েছে।
হলফনামা বলছে, তার প্রতিদ্বন্দ্বি পাঁচ প্রার্থীর মধ্যে আব্দুল হাকিমের সম্পদের পরিমাণ সবচেয়ে কম। তার মোট সম্পদ ২১ লাখ ৫৭ হাজার ৬৯ টাকা। স্বর্ণ, কৃষি জমি বা নিজস্ব বাড়িও নেই। তিনি পৈতৃক বাড়িতে যৌথ পরিবারে বসবাস করেন। তবে তার ব্যক্তিগত একটি গাড়ি (মাইক্রোবাস) রয়েছে। ব্যাংকে জমা আছে ৪৯ হাজার ৩৩২ টাকা এবং নগদ অর্থ ৯ লাখ ১৩ হাজার ৭৩৭ টাকা। তার প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থীই শিক্ষায় তার চেয়ে এগিয়ে নেই।
জামায়াতের এমপি প্রার্থী আব্দুল হাকিম বলেন, শিক্ষা জীবনে অর্জন করা জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে তিনি নাটোর-৪ আসনের মানুষের কল্যাণে কাজ করতে চান। সেই লক্ষ্যে গুরুদাসপুর-বড়াইগ্রামের মানুষের শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনৈতিকসহ নানামুখি সমৃদ্ধির জন্য তিনি ১৬ দফার নির্বাচনীয় ইশতেহার ঘোষণা করেছেন। নিরঙ্কুশ ভোটে বিজয়ী হওয়ার পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা তার।