বগুড়ার ধুনটে সরকারি রেশন কার্ড করে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে (২৬) ভুট্টাক্ষেতের ভেতর নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় টুটুল সরকার টিটু (৪৫) নামে এক পিকআপ চালকের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণ: মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সুলতানহাটা গ্রামের টুটুল সরকার টিটু প্রতিবেশী ওই গৃহবধূর ওপর দীর্ঘদিন ধরে কুদৃষ্টি দিয়ে আসছিল। কৌশলে তাঁর সাথে সখ্য গড়ে তুলে সরকারি রেশন কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় টিটু। গত ২৫ জানুয়ারি দুপুরে রেশন কার্ডের কাজের কথা বলে টিটু ওই গৃহবধূকে উপজেলা পরিষদে নিয়ে আসে। দিনভর কাজ হওয়ার নাটক করে কালক্ষেপণ করার পর সন্ধ্যা হয়ে গেলে টিটু ওই গৃহবধূকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির অদূরে সুলতানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি নির্জন ভুট্টাক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে টিটু।
আইনি পদক্ষেপ: এ ঘটনায় গত সোমবার ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত টুটুল সরকারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।