৩ ফেব্রুয়ারি, ২০২৬

গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা: শিক্ষার্থীদের সৃজনশীলতার জয়জয়কার

গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা: শিক্ষার্থীদের সৃজনশীলতার জয়জয়কার

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাঁকজমকপূর্ণ ‘উদ্যোক্তা মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনের সামনে এই মেলা আয়োজিত হয়।

মেলার কার্যক্রম ও অংশগ্রহণ: সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মেলা চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগ ও সৃজনশীল ধারণা নিয়ে সাজানো মোট ২২টি স্টল স্থান পায়। হস্তশিল্প, প্রযুক্তিগত উদ্ভাবন থেকে শুরু করে দেশীয় খাবারের সমাহার ছিল স্টলগুলোতে।

ভিসি’র স্টল পরিদর্শন: দুপুরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এসময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। তাঁরা তরুণ উদ্যোক্তাদের সাথে কথা বলেন এবং তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা দেন।

উপস্থিত ব্যক্তিবর্গ: মেলায় অনুষদীয় ডিনদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার (আহ্বায়ক), সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মাদ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামানসহ আরও অনেকে। এছাড়াও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব ও ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী: বিকেলে সমাপনী অনুষ্ঠানে সৃজনশীলতা ও ব্যবসায়িক সম্ভাবনার ওপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিন উদ্যোক্তাকে নির্বাচন করা হয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।