৩ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থ রেখে যাবে সরকার

নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থ রেখে যাবে সরকার

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ সংবলিত জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি এই সুপারিশগুলোকে ‘অত্যন্ত ভালো’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে, অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখবে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাস্তবায়নে বিশেষ কমিটি গঠন: অর্থ উপদেষ্টা জানান, বেতন কমিশনের দেওয়া সুপারিশগুলো পর্যালোচনার জন্য সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে যাচ্ছে। তিনি বলেন, “গেজেট বা প্রজ্ঞাপন জারি করা কোনো সহজ কাজ নয়। এখানে প্রতিটি বিষয় স্পষ্ট করতে হয়। আমরা এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি।”

অর্থায়ন ও স্থায়িত্বের নিশ্চয়তা: পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ আশ্বস্ত করে বলেন, “আমরা টাকা-পয়সা দিয়ে যাব এবং প্রয়োজনীয় সুপারিশ রেখে যাব। আশা করি এটি সফলভাবে বাস্তবায়িত হবে।”

নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ: গণভোটের খরচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, খরচের সঠিক অঙ্ক এই মুহূর্তে তাঁর জানা নেই। তবে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সরকার অর্থের কোনো অভাব রাখবে না। তিনি বলেন, “নির্বাচন কমিশন যে টাকা চেয়েছে আমরা তা দিয়ে দিয়েছি। বাড়তি বরাদ্দের চাহিদাও পূরণ করার কথা বলেছি।”

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়।