৩ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম বিক্রি করবে সরকার

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম বিক্রি করবে সরকার

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির ঘোষণা দিয়েছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন রোজায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি ২৪৫ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত রোববার মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কার্যক্রমের সময়সীমা ও পদ্ধতি
সময়কাল: রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত (মোট ২৬ দিন)।

বিক্রয় মাধ্যম: ভ্রাম্যমাণ ও স্থায়ী বিক্রয়কেন্দ্র।

লক্ষ্য: বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিন্ডিকেটের প্রভাব কমিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা।

ঢাকার ২৫টি পয়েন্টে মিলবে এই সুবিধা
প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম চলবে। উল্লেখযোগ্য স্থানগুলো হলো:

সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর ৬০ ফুট, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, উত্তরা হাউস বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ, কালশী, মানিকনগর, শাহজাদপুর, কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও ও বঙ্গবাজার এলাকা।

ঢাকার বাইরেও মিলবে সুফল
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির ব্যবস্থা নেবেন।