৩০ জানুয়ারি, ২০২৬

বিএনপির ১২ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

বিএনপির ১২ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

বিএনপিতে বেরিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন ১২ নেতাকর্মী। শুক্রবার জুম্মার নামাজের পর নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের এসব নেতাকর্মীদের ফুলের মালা পড়িয়ে স্বাগত জানানো হয়। নতুন সদস্যদের বরণ করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের জামায়াতের এমপি প্রার্থী ইউনুস আলী।

এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউনুস আলীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার দুপুরে একটি ‘যোগদান’ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় জামায়াত।

অনুষ্ঠানে পিপরুল ইউনিয়নের বিএনপির সাবেক সহসভাপতি ইস্রাফিল এবং যুবদলের সাবেক সভাপতি খালেদুল ইসলামের নেতৃত্বে- ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক রুবেলসহ বিএনপির মোট ১২ জন সক্রিয় নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

বিএনপির ১২ নেতাকর্মীদের জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক দেলোয়ার হোসেন খান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী চাঁদাবাজির রাজনীতি করে না। আদর্শ এবং জ্ঞানভিত্তিক রাজনৈতিক করে জামায়াত গণমানুষের ভালোবাসা অর্জন করেছে। সেই আদর্শে অনুপ্রানীত হয়েই বিএনপির নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছেন।

দলে যোগ দেওয়া নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, মানুষ শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে চায়। একমাত্র জামায়াতে ইসলামী সেই সুযোগ তৈরি করে দিতে পারে। এ জন্য বিপুল ভোটে জামায়াতকে জয়ী করতে বিএনপির নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছেন।

জামায়াতে যোগ দেওয়ার পর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ইস্রাফিল এবং যুবদলের সাবেক সভাপতি খালেদুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তারা বলেন, এই অনুষ্ঠানে মাধ্যমে তারা ইসলামী দল জামায়াতে যোগ দিয়েছেন। দীর্ঘদিন বিএনপি রাজনীতি করলেও এখন তারা জামায়াতের সদস্য। জামায়াতের আদর্শে অনুপ্রাণীত হয়েই তারা ১২ নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। দাড়িপাল্লাকে বিজয়ী করতে তারা ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রখবেন।

নাটোর-২ আসনের জামায়াতের প্রার্থী ইউনুস আলী বলেন, জামায়াত রাজনৈতিক আদর্শের প্রতীক হয়ে উঠেছে। জামায়াত এমন আদর্শে উন্নীত হয়েছে যে, অন্য দলের নেতাকর্মীরা দলবেঁধে জামায়াতে যোগ দিচ্ছেন। তাই জামায়াতকে বিজয়ী করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থণায় নেতাকর্মীদের নিরলশভাবে করতে কাজ করতে হবে। জামায়াত বিজয়ী হলে সবাই নিয়ে দুর্নীতিমুক্ত উন্নত নাটোর বিনির্মাণ করবেন তিনি।

‘সদস্য যোগদান’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাটোর জেলা জামাতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন এবং  শিবিরের নলডাঙ্গা উপজেলার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জামায়াতের সাধারণ নেতাকর্মীরাও। এসময় সদ্য যোগদান করা নেতাকর্মীদের ফুলের মালা পড়িয়ে বুকে টেনে নেন জামায়াত প্রার্থী।