৩০ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীতে পাল্টাপাল্টি স্লোগান দিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীতে পাল্টাপাল্টি স্লোগান দিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীর হাতিয়াতে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ইটপাটকের নিক্ষেপে অন্তত ১২জন আহত হয়। তবে তাৎক্ষণিক আহতের নাম ঠিকানা জানা যায়নি।  শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মি নলচিরা ঘাট এলাকায় একত্রিত হন। ওই সময় ফেরি চালুর কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি স্লোগান দেয় স্থানীয় দুই পক্ষের স্থানীয় সমর্থকেরা। একপর্যায়ে দুই পক্ষ কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মিরা আবারো পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এ সময় কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন অনুষ্ঠানে আসা হাজারো উৎসুক মানুষ দিকবিদিক ছুটে আত্মরক্ষা  করতে চেষ্টা করে।

নলচিরা ঘাট এলাকার বাসিন্দা জিল্লুর রহমান বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ফেরি ননচিরার ঘাটে ভেড়ার সাথে সাথে শাপলাকলির পক্ষে স্লোগান দিতে থাকে সমর্থকরা। এক এক পর্যায়ে ধানের শীষ সমর্থকদের পাল্টা শ্লোগান দিতে দেখা যায়। তখন ফেরির ক্রেডিট নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এক পক্ষ অন্য পক্ষকে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।