আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ ব্রাহ্মণবাড়িয়া-০১ নাসিরনগর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ইকবাল চৌধুরী।
১৫ জানুয়ারি বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
ইকবাল চৌধুরী বলেন, তিনি কোনো গোষ্ঠী কিংবা সুবিধাভোগী মহলের প্রতিনিধি নন; বরং নাসিরনগরের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে জনগণের অধিকার রক্ষায় জাতীয় সংসদে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন ।
তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, যুবক, নারী ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংসদে জনগণের দাবি-দাওয়া তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের কণ্ঠস্বর হিসেবে জাতীয় সংসদে কথা বলব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী (চেয়ারম্যান, লাল হোসেন ফাউন্ডেশন), মো. ইসমাইল হোসেন ঠাকুর (সাবেক সভাপতি, উপজেলা কৃষকদল), ওয়াজ্জিল চৌধুরী (বিশিষ্ট ব্যবসায়ী), শাহ দেওয়াজ চৌধুরী (জিএম, পাইওনিয়ার ইন্স্যুরেন্স), ব্যারিস্টার জেরিন চৌধুরীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।