১২ জানুয়ারি, ২০২৬

মনোনয়নপত্র জমা দেওয়ার পথ খুলল হিরো আলমের

মনোনয়নপত্র জমা দেওয়ার পথ খুলল হিরো আলমের

উচ্চ আদালতে আপিলে স্বস্তির রায় পেয়েছেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত। হাইকোর্টের রায়ের ফলে তার মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যে আইনি বাধা ছিল, তা দূর হয়েছে।

এর আগে মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন তিনি। তবে আপিল শুনানি শেষে হাইকোর্ট তার পক্ষে রায় দেওয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

এই রায়কে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে দেখছেন হিরো আলম ও তার সমর্থকরা। বিষয়টি নিশ্চিত করে সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে হিরো আলম লেখেন, “আলহামদুলিল্লাহ, হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি—মনোনয়নপত্র জমা নেওয়ার।” আদালতের এই সিদ্ধান্তের পর আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।