আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি জানান, দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। লক্ষ্য—জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ লক্ষ্যে গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি বাহিনী সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। এরই মধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সাড়ে চার লক্ষাধিক সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।
নির্বাচনে কোনো ধরনের অনৈতিক বা পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ কল্যাণে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব আমাদের সবার।”
তিনি আরও বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে।
অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের জন্য চারজন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।